
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ নেওয়ার পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। নির্বাচন কমিশন ৩১ অক্টোবর মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়। মির্জা ফয়সল আমীন তার ভাই। অন্যদিকে সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির এলিজা জামানকে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে ওই আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করেন। ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।