ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সরকার নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিক

বললেন নাহিদ ইসলাম
সরকার নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিক

সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের কাছে জানতে চেয়েছেন, তারা নিরাপত্তা দিতে পারবে কি না। তিনি বলেছেন, সরকার নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তুলে ধরেন নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিুনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিপক্ষের পেট্রলবোমা হামলায় এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

নাহিদ ইসলাম বলেন, 'এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।' বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, 'যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে তাহলে আমাদের আমাদের পথ দেখতে হবে। আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু ওনারাও হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।' আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, "ফলে আওয়ামী লীগের বিষয়ে, ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি, এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।' নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রলবোমা ছুড়ে আগুন লাগানো হয়। এতে বাড়িতে থাকা গবাদিপশু মারা যায়। তার অভিযোগ, স্থানীয় থানার ওসি বলেছেন যে ঘটনাস্থলে পেট্রল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জেনেছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি।

কোনো ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে পেট্রলবোমা ব্যবহার হয়নি বলে মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন নাহিদ। তিনি বলেন, 'এখানে স্পষ্টই সারা দেশে যে নৈরাজ্য এবং নাশকতা ফ্যাসিবাদী, পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা এটা কিন্তু স্পষ্ট।' মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ওই হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর আগের দিনের বক্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। 'সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কিনা আজকে এই প্রশ্নটাই করতে এসেছি মাননীয় স্পিকার।' তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগের দিন সংসদে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন। অথচ সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত