
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী ৫০ আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি'র কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন। এ ঘটনায় তিনি আওয়ামী লীগকে দায়ী করেছেন। তার অভিযোগ, ঘটনার আগে থেকেই তাঁকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এমপি নুসরাত তাবাসসুম। তিনি জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরে আরও কয়েকটি নম্বর থেকে হুমকি আসে। এ ঘটনায় ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে জিডি করার পরও হুমকি দেওয়া বন্ধ হয়নি।
নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তার ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, আমি মনে করি, এটা আওয়ামী লীগেরই কাজ। তিনি আরও বলেন, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে। তবে ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আলামত সংগ্রহ করেনি। দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে প্রকৃত ঘটনা জানতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।
ঘটনাটি সুপরিকল্পিত উল্লেখ করে নুসরাত তাবাসসুম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে বিভিন্ন বিষয়ের যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী ৫০ আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন এই সংসদ সদস্য। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে।