
দেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও এবার নিয়ে এসেছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা ব্যাটারির নতুন স্মার্টফোন হেলিও ১৫০। ৮ জিবি র্যাম, আধুনিক নকশা, অ্যামোলেড পর্দা এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের প্রিমিয়াম শ্রেণির চিপসেট হেলিও জি২০০। পরিচালনাব্যবস্থা হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬, যা ভবিষ্যতে হালনাগাদের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৭-তে উন্নীত করা যাবে।
হেলিও ১৫০-এর অন্যতম আকর্ষণ এর ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড পর্দা। ১২৬০*২৮০০ পিক্সেল রেজল্যুশনের এ পর্দায় রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উজ্জ্বল ও প্রাণবন্ত দৃশ্য। ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত পর্দাটিকে দিয়েছে আরও আকর্ষণীয় ও বিস্তৃত অবয়ব। চোখের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় এতে রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টার সিলিকন অ্যানোড ব্যাটারি, যাতে রয়েছে ১০ শতাংশ সিলিকন উপাদান। বড় ধারণক্ষমতার এ ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। ৪৪ ওয়াটের চার্জারের মাধ্যমে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪২ মিনিট সময় লাগে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।
ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে হেলিও ১৫০-এ রয়েছে ৬৪ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা, যার সঙ্গে যুক্ত হয়েছে ইআইএস প্রযুক্তি। চলার পথে কিংবা হাত কাঁপা অবস্থায় ছবি ও ভিডিও ধারণের সময় স্থিরতা বজায় রাখতে এ প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে ২কে রেজল্যুশনে ভিডিও ধারণ, মোশন ফটো, ডুয়াল ভিউ ভিডিও রেকর্ডিং এবং স্পোর্টস মোডের মতো ক্যামেরা সুবিধাও রয়েছে।