ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান ভূমি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে

বললেন সুপ্রদীপ চাকমা
পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান ভূমি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যা সবাইকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গতকাল শনিবার সকাল ১০টায় রাঙামাটি প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অংশীজনদের অংশগ্রহণে পার্বত্য জেলা সমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান রয়েছে, কোথায় কি হবে না হবে সব বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। আমাদের দেশে তা এখনও করা সম্ভব হয়নি। তাই ডিজিটাইজেশনের মাধ্যমে ভূমিসংক্রান্ত সমস্যা যাতে সহজভাবে সমাধান করা যায় সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকার কাজ করছে।

সুপ্রদীপ চাকমা আরও বলেন, সনাতন সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা এবং বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান যাতে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ দু’টি অনুষ্ঠান সফল করতে তিনি জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকরা, হেডম্যান-কার্বারিরা, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ভূমি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কাজ এবং ভূমি বিষয়ক একটি ভিডিও তথ্যচিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। এছাড়া পার্বত্য জেলা সমূহের বর্তমান পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশনের আওতায় আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত