ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ওয়াসা ভবনে ধূমপান নিষিদ্ধ ঘোষণা

ওয়াসা ভবনে ধূমপান নিষিদ্ধ ঘোষণা

ঢাকা ওয়াসা ভবনকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার ওয়াসার বুড়িগঙ্গা হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল ইসলাম। মতবিনিময় সভায় আমিরুল ইসলাম বলেন, ধূমপানের ক্ষতি শুধু ধূমপায়ীর নয়, অধূমপায়ীর জন্যও সমান ঝুঁকিপূর্ণ। ওয়াসা ভবনে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। ভবনকে ধূমপানমুক্ত করার মাধ্যমে কর্মীদের পাশাপাশি সেবাগ্রহীতারাও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন। সভা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের প্রস্তাবিত ছয়টি সংশোধনীর গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সব পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা; বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা; তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা; ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা করা; খুচরা ও খোলা তামাকপণ্য বিক্রি বন্ধ করা এ সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা। সভায় সভাপতিত্ব করেন- ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারী। আরও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মুস্তাফিজুর রহমান এবং সচিব মো. মশিউর রহমান খান, ডরপ উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান, ডরপের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জেবা আফরোজা প্রমুখ। সভাটি আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র- ডরপ এবং ঢাকা ওয়াসা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত