
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খান খান’ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি প্রদান করেন। এর আগে নাসীরউদ্দীন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। এ সময় তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নিরাপদে উদ্ধার করে সেনাবাহিনী। তবে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা। এরপর তিনি সংবাদ সম্মেলনে বিএনপির কর্মী-সমর্থকদের প্রতি আঙুল তুলে বলেন, ‘এনসিপির নেতাকর্মীদের নিয়ে ঢাকার রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর ‘আঘাত’ করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার ‘মাথায় আঘাত’ করা হয়।’ তিনি বলেন, ‘এরপর সেনাবাহিনীকে তারা অভিযোগ জানালে সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়। আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুটি। রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র।’