ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামের বাজারে সবজির দামে কমেছে ‘উত্তাপ’

চট্টগ্রামের বাজারে সবজির দামে কমেছে ‘উত্তাপ’

রোজার বাজারে এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে সবধরনের সবজির দাম পড়তির দিকে; তাতে স্বস্তি ফিরছে জনজীবনে। সাতদিনের ব্যবধানে সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমে মিলছে চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে। আগের সপ্তাহে বাড়তি থাকা ব্রয়লার মুরগির দামও কমেছে। ক্রেতাদের ভাষ্য, রোজা শুরুর সময়ে বাজারে সবজিসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়তি থাকে। কয়েকদিন গেলে তা নিম্নমুখী হয়। এর ধারাবাহিকতায় সবজির বাজারে স্বস্তি মিলছে।

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে টমোটো প্রতিকেজি মানভেদে ৪০ থেকে ৪৫ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি প্রতিকেজি ২০ থেকে ২৫ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৫৫ টাকা, তিতা করলা ১২০ টাকা, ঢেড়শ ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রোজার শুরুতে গত শুক্রবার একই বাজারে ঢেড়শ, ফুলকপি ছাড়া অন্যান্য সবজিগুলো ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হয়েছিল। জুমাবারে ইফতারির অনুষজ্ঞ কাঁচামরিচ প্রতিকেজি ৮০ টাকা, খিরা ৬০ টাকা, গাজর ৪০ টাকা, ধনে পাতা ৪০ টাকা, ছোট শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এক সপ্তাহ আগে মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা, খিরা ১০০ টাকা, ধনে পাতা ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

রেয়াজুদ্দিন বাজারের খুচরা সবজি বিক্রেতা মোহাম্মদ বলেন, রোজা শুরুর দিকে ক্রেতাদের পণ্য বেশি কেনার চাপ থাকে, সে হিসাবে সরবরাহ কমে থাকে এবং দামও বাড়তি পড়ে। এ সপ্তাহে সরবরাহও ভালো থাকায় দাম কম আছে। তিনি বলেন, ‘এখন শীতকালীন সবজি বাজার থেকে চলে যাবার সময়, সেই কারণে কোনো কোনো সবজির দামও কম পড়ছে। এছাড়া নতুন আসা ঢেড়শ, বরবটি, তিতা করলাসহ গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা বাড়তি আছে।’ রেয়াজুদ্দিন বাজারে কথা হয় বেসরকারি চাকুরে হাসান মাহমুদের সঙ্গে। তিনি বলেন, ‘বছরের এ সময়টাতে বাজারে প্রচুর সবজি থাকে এবং দামও কম পড়ে। গত সপ্তাহে রোজা শুরু হয়েছে, ওই সময়ে বেশিরভাগ সবজির দাম বাড়তি ছিল।’

হাসান মাহমুদ বলেন, ‘আজকে বাজারে সবজির দাম অনেক কম। রোজাকে সামনে রেখে ব্যবসায়ীরা প্রতিবারই বাড়তি দাম রাখে বলে মনে হয়। তবে বাজারের উত্তাপ অনেকটাই কমে এসেছে বলে মনে হয়।’ এদিকে গত সপ্তাহে বাড়তি থাকা ব্রয়লার ও সোনালি মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা পর্যন্ত কমেছে। গতকাল শুক্রবারে ব্রয়লার মুরগি প্রতিকেজি বিক্রি হয়েছে ১৮০ টাকায়; আগের শুক্রবারে বিক্রি হয়েছিল ২০০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজি আকারভেদে বিক্রি হচ্ছিল ৩০০ থেকে ৩১০ টাকায়। গত সপ্তাহে দাম ছিল ৩২০ টাকা। এছাড়া ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে রেয়াজুদ্দিন বাজারে প্রতি কেজি দেশি জাতের পেঁয়াজ মানভেদে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত