
সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় রুপম চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। পাশাপাশি তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুপম চৌধুরী জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহর মধ্যম নাথপাড়া এলাকায় বসবাস করেন। দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, মাদকের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রুপম চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানার মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা যায়, আসামি রুপম চৌধুরী দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৮ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার স্থাবর ও ২৬ লাখ ৮৩ হাজার ৩৯১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেন।