
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউতে) গতকাল সোমবার ২০ এপ্রিল ২০২৬ইং তারিখে এ ব্লক অডিটোরিয়মে সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানবদেহে হরমোনের সঠিক ভারসাম্য রক্ষা, মানবদেহ ও বিভিন্ন রোেেগ হরমোনের বিস্তর প্রভাব সম্পর্কে জানাসহ জটিল হরমোনজনিত রোগ নির্ণয় ও চিকিৎসার উপর গুরুত্বারোপ করা হয়। গুরুত্বপূর্ণ এই সেমিনারে এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শারমিন জাহান ‘এন্ডোক্রাইন জেমস : লেশনস ফর্ম মোস্ট চ্যালেঞ্জিং কেসেস’ উপস্থাপনায় বিভিন্ন জটিল হরমোনজনিত রোগ নির্ণয়ের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা তার ‘হরমোন ম্যাটারস : এন্ডোক্রাইন হেলথ এ্যাক্রোস দ্যা লাইফ স্পান’ উপস্থাপনায় বলেন, জীবনের প্রতিটা স্তরে হরমোনের প্রয়োজন অপরিহার্য। মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া, বংশবৃদ্ধি ও সব কাজ সুচারুরূপে সম্পাদনের জন্য প্রয়োজন হরমোনের সঠিক ভারসাম্য।
যদি হরমোন ভারসাম্যহীন হয়ে যায়, শরীরবৃত্তীয় কাজ সঠিকভাবে হবে না। হরমোনজনিত উল্লেখযোগ্য রোগগুলো হলো ডায়াবেটিস, থাইরয়েড, উচ্চতাজনিত সমস্যা, বন্ধ্যাত্ব, বয়োসন্ধির বিভিন্ন সমস্যা। তাই রোগ মুক্ত থাকাসহ সুস্থ জীবনের জন্য হরমোনের সঠিক ভারসাম্য নিশ্চিত করা জরুরি। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, মানবদেহের বিভিন্ন সিস্টেম, অঙ্গপ্রত্যঙ্গে হরমোনের গভীর প্রভাব রয়েছে এবং অনেক রোগও এই হরমোন দ্বারা বিশেষভাবে প্রভাবিত। চিকিৎসকদের নিত্যদিনের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা মোকাবিলা করতে হয়। হরমোনের বিষয়ে জনসাধারণ এবং চিকিৎসক সবারই আরও জ্ঞান অর্জনসহ সচেতন হওয়া অত্যন্ত জরুরি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি