
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি বাড়ি থেকে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নজরুলের স্ত্রীর দাবি, গত বুধবার রাতে বাড়িতে ঢুকে পড়া মুখোশধারী ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় নজরুলকে শ্বাসরোধে হত্যা করা হয়। অন্যদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে বাড়িটিতে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। নজরুল ইসলাম উপজেলার মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে এবং পেশায় সুতা ব্যবসায়ী।
ঘটনার বর্ণনায় নজরুলের স্ত্রী শাহানাজ বেগম বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে চার-পাঁচজন ব্যক্তি তাদের বাড়ির সামনে আসেন। এ সময় তারা নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করেন। দরজা খোলার পর মুখোশধারী ডাকাত দলটির সদস্যরা ঘরে ঢুকে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর শুরু করেন।
একপর্যায়ে শাহনাজ বেগমকেও হাত-পা ও গলা বেঁধে নির্যাতন করা হয়। শাহানাজ বেগমের দাবি, ডাকাতেরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্য আসবাব তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নেন। এ সময় ডাকাতদের চিনে ফেলায় তার স্বামীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।