
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘বাংলাদেশে হামের পুনরুত্থান : আজকের সংক্রমণ ও আগামীদিনের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে (Measles Resurgence in Bangladesh : Today’s Infection, Tomorrow’s Risk)’ সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে হাম প্রতিরোধ, নিয়ন্ত্রণ, আক্রান্তদের জীবন রক্ষায় শিশুদের মায়ের বুকের দুগ্ধ পান নিশ্চিত করা, এ ক্যাপসুল খাওয়ানোসহ ভিটামিন এ ক্যাম্পেইন জোরদার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা এবং ভ্যাক্সিনেশন বা টিকাদান কর্মসূচি দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন মোর্শেদ তার উপস্থাপিত প্রবন্ধে বলেন, হাম প্রতিরোধযোগ্য রোগ কিন্তু টিকা কভারেজের ঘাটতির কারণে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ৫ বছরের কম বয়সী ও অপুষ্ট শিশুদের ঝুঁকি বেশি এবং জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি। টিকাদান, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন ও দ্রুত চিকিৎসাই হাম নিয়ন্ত্রণের মূল উপায়। ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমিন সুলতানা ‘হাম : নির্মূলের স্বপ্ন থেকে প্রাদুর্ভাবের বাস্তবতা’ বৈজ্ঞানিক প্রবন্ধে বলেন, একসময় বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির সফলতার কারণে হাম রোগ নির্মূলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ব্যাপক টিকাদান, গণসচেতনতা এবং জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে বহু দেশে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসে।