
বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার এক সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশন, পুলিশ সুপার হিসেবে সফলতার সঙ্গে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পালন এবং দেশের বিভিন্ন জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন।