
চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এই ব্যক্তির নাম জসিম। তার বাড়ি ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর এলাকায়।
গত শুক্রবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে খাগড়াছড়িগামী একটি বাসে এ হেনস্তার ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান এ তথ্য নিশ্চিত করেন। ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পেছনের আসনে বসা এক মধ্যবয়সিীযাত্রী জসিম সিগারেট ফেলার অজুহাতে তার শরীর স্পর্শ করেন। তিনি ও বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেন ওই যাত্রী। পরে অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় সেই ব্যক্তিকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। শিক্ষার্থী জানান, ফটিকছড়িতে এক বাসস্টপে যাত্রী নামানোর জন্য বাসটি থামে। সেসময় জসিম অটোরিকশায় ফটিকছড়ি পৌঁছে আবার বাসে ওঠেন এবং তার চুল ধরে টান দেওয়ার পাশাপাশি শারীরিক হেনস্তা ও হুমকি দেন। তখন যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় তাকে আটক করে ফটিকছড়ি থানায় পুলিশের হাতে তুলে দেন।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে জসিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।