
রংপুরে বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সকালে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট সদর থানাধীন সাধুটারি সবুজ পাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হাকিম আলী (৪০) এবং তার স্ত্রী মোছা. রজিনা খাতুন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই গঙ্গাচড়ার তালুক হাবুর মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামাতে সিগন্যাল দিলে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে দুই যাত্রী। পরে তাদের আটক করে তল্লাশি করা হয়। এসময় তাদের হাতে থাকা একটি স্কুল ব্যাগে রক্ষিত লাল রঙের পলিথিন ও পুরাতন খবরের কাগজ দিয়ে মোড়ানো সাড়ে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে যাত্রী বেশে থাকা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক প্রতিরোধে ও নির্মুলে জেলা পুলিশ তৎপর। অভিযান অব্যাহত রয়েছে।