ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাত বছরের শিশু হত্যায় ১০ বছর পর আসামির মৃত্যুদণ্ড

সাত বছরের শিশু হত্যায় ১০ বছর পর আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় মো. আল আমিন (৪৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপরাধের আলামত গোপন ও লাশ সরিয়ে ফেলার দায়ে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে নগরের হালিশহর থানাধীন গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা গোপন করতে তার লাশ পাশের বেড়িবাঁধসংলগ্ন একটি খালে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহত শিশুটির বাবা মো. মাহাবুব হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০১৭ সালের ২৭ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১০ বছর পর আদালত এ মামলার রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আল আমিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত গোপন এবং লাশ সরিয়ে ফেলার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত