
রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র (স্টান ডিভাইস) এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ?গতকাল বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান। ?গ্রেপ্তারকৃতরা হলেন- ছাব্বির আহম্মেদ অর্পূব ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁন।
?নিয়াজ মেহেদী জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের সেকশন-৬ এলাকায় অভিযান চালায় মিরপুর মডেল থানা পুলিশ। সেখানে ১৭ থেকে ১৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ?পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছাব্বির আহম্মেদ অর্পূব ও তুহিন আহমেদ তুষারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
?তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা অন্য সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছেন। এছাড়া তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ?এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।