
রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রংপুর নগরীর হনুমানতলা, জাহাজ কোম্পানি এলাকা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট এবং একাধিক ডিজিটাল ডিভাইস জব্দ করে পুলিশ। আটকরা হলেন- রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম (৪৮), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (২১), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এমদাদুল হকের ছেলে মো. তাজমিলুর রহমান (১৯) এবং ঢাকা থেকে আটক নীলফামারী সদর উপজেলার শাহজাহান আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪৬)। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় জানান, পরীক্ষার্থী মো. আশরাফুল ইসলাম একটি জাল প্রবেশপত্র নিয়ে গত শুক্রবার পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন।