
গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি আন্তরিক সহমর্মিতা এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) গত বুধবার যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজন করা হয় নানা কর্মসূচি। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় হাইস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই শহিদ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের চিত্রকর্ম ঘুরে ঘুরে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গত বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিইউপিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, বিশেষ মোনাজাত এবং শহিদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিইউপির বিজয় অডিটোরিয়ামে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মত্যাগের স্মরণ এবং জাতীয় ইতিহাসে এই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরা হয়। এ অনুষ্ঠানে বিইউপির শিক্ষার্থী শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহিদ জোবায়ের ওমর খানের পরিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদের প্রতি বুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের গভীর শ্রদ্ধা : মহান জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা উল্লেখ করেন যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়। শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে সূচিত এই আন্দোলন পরবর্তীতে সমগ্র জাতির ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গণআকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। মহান জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহিদের প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধার কথা তাদের বিবৃতিতে উঠে আসে। একই সঙ্গে আহত ও সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারী সবার প্রতি তারা আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত : রাজধানীর পল্লবীতে অবস্থিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত ‘ক্যানভাসে জুলাই’ শীর্ষক একটি আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। এসময় তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশের ভূয়সী প্রশংসা করেন। পরে প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
শিল্প-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে বিভিন্ন শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সমঝোতা শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং কর্মসংস্থানমুখী দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। গত বুধবার যবিপ্রবিতে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ বিষয়ক সেমিনার এবং পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মামুন বলেন, শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অংশীদারিত্ব শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, গবেষণা এবং কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে।
স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের : সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। তিনি বলেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে। এই উদ্যোগ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। গতকাল বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর ধুমবারাহিতে অবস্থিত ন্যাশনাল কলেজে আয়োজিত ‘Applied Psychology: Behavioural Science Advancement’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্রস-কালচারাল ও মাল্টিডিসিপ্লিনারি হাইব্রিড মডেলে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং আড়াই হাজারের বেশি কলেজ নিয়ে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।