
সাভার ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ কোটি মূল্যের ৯১০ গ্রাম প্রক্রিয়াজাত ও তরল সাপের বিষ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। এসময় চোরাচালান চক্রের মূলহোতাসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে সাপের বিষসহ গ্রেপ্তার করা হয় বলে র্যাব -৪-এর পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান (৩২), নোয়াখালীর বেগমগঞ্জের লালপুরের আব্দুল মালেকের ছেলে শাহজাহান (৬২) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার হাওলাদার বাড়ির চান মিয়ার ছেলে নান্নামুন্না মিয়া (৪২)।
র্যাব-৪ জানায়, দুই চোরাকারবারি সাপের বিষ ক্রয়-বিক্রয়ের জন্য ঢাকা জেলার সাভার থানা রোডের সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-৩ এর ২টি অভিযানিক দল যৌথভাবে অভিযান চালিয়ে ২০ গ্রাম প্রক্রিয়াজাত পাউডার আকারে কথিত সাপের বিষ ও ১০ গ্রাম কথিত তরল সাপের বিষ এবং ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ২ টি বাটন মোবাইলসহ চোরাকারবারি মো. শাহজাহান ও মো. নান্না মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান চক্রের মূলহোতা আব্দুর রহমানকে ৪৫০ গ্রাম (প্লাস্টিকের কৌটাসহ) প্রক্রিয়াজাত পাউডার আকারে কথিত সাপের বিষ ও ৪৩০ গ্রাম কথিত তরল সাপের বিষ (প্লাস্টিকের কৌটাসহ) এবং ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সকলে আমদানি ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য।