
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অপারেশন থিয়েটারের ওটিবয়দের আলমারি থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে রমেক ছাত্রদল। গত শনিবার বিকালে আলমারি ভেঙে এ ওষুধ জব্দ করা হয়। এসময় আলমারি থেকে সরকারি ওষুধ ও বাইরে থেকে রোগীদের কেনা এনেস্থেসিয়া, বিভিন্ন ধরনের ইনজেকশন, বিভিন্ন এন্টিবায়োটিক, দামি সুতাসহ অন্যান্য ওষুধ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, প্রায় সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে ওষুধ চুরি এবং রোগীদের সরকারি বরাদ্দের ওষুধ না দেওয়াসহ নানা রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে। কয়েকদিন আগে ওষুধ চুরির সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই আমরা ছাত্রদল কর্মীরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা অপারেশন থিয়েটারে এসে সন্দেহজনকভাবে আলমারি চিহ্নিত করে তালা ভেঙে এই অবৈধভাবে মজুদ করা ওষুধ জব্দ করি। এখানে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ জব্দ করা হয়েছে।