
যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চের হলরুমে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় নেতারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ওপর গুরুত্ব দেন। ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার এই চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অত্যন্ত জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু। ঘণ্টাব্যাপী এ সংলাপে গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী, ফাদার মাইকেল দেউরিসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। এতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। দুই দিনের বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত জেলার বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক মসজিদ, মন্দির ও গির্জা পরিদর্শন করেন। সফরের অংশ হিসেবে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেওয়ার পর তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন।