
রংপুর নগরীতে আব্দুর রহমান (৬৫) নামে এক রিকশা গ্যারেজ মালিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাজহাট আনছারির মোড় এলাকার একটি গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, বুধবার রাতের কোনো একসময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে গ্যারেজে থাকা রিকশা চুরি না হলেও টাকা লুট করা হয়েছে। স্থানীয়রা জানান, নিহত আব্দুর রহমান ওই গ্যারেজের মালিক। তিনি গ্যারেজের পাশে একটি বাসায় একাই থাকতেন। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে, তারা অন্যত্র থাকেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে গ্যারেজের সাটার বন্ধ ও বাইরে রক্তের দাগ দেখতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যারেজের তালা ভেঙে ভেতরে আব্দুর রহমানের গলাকাটা মরদেহ দেখতে পান। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।