
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ক্রয়কৃত জমি দীর্ঘদিন দখলে রাখার অভিযোগ এবং জমি পুনরুদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন জমির দাবিদার মোহাম্মদ মোস্তাকের রহমান খোকন চৌধুরী। তাঁর অভিযোগ, অন্য একটি ঘটনার ভিডিও ব্যবহার করে তাঁদের জমি পুনরুদ্ধারের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন খোকন চৌধুরী।
তিনি বলেন, ২০২২ সালে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যানের কাটাসুর মৌজায় সিটি জরিপের ৫৮৩৪ নম্বর দাগের ৩৮৫১ ও ৩৯২২ নম্বর খতিয়ানভুক্ত মোট ৩২ দশমিক ১০ শতাংশ জমি দুটি পৃথক দলিলের মাধ্যমে কেনেন তিনি। তাঁর দাবি, একটি দলিল মূল মালিকের কাছ থেকে এবং অন্যটি বায়া দলিলের মালিকের কাছ থেকে কেনা হয়। উভয় দলিলেই তৎকালীন চাঁদ উদ্যান এলাকার প্রভাবশালী ব্যক্তি আলম হোসেন সাক্ষী ছিলেন বলে জানান তিনি। খোকন চৌধুরী অভিযোগ করে বলেন, একটি দলিলের ১৬ শতাংশ জমি বুঝে পেলেও অপর দলিলের ১৬ দশমিক ১০ শতাংশ জমি দীর্ঘদিনেও বুঝিয়ে দেওয়া হয়নি। ওই জমিতে ছাপড়া ঘর নির্মাণ করে ভাড়াটিয়া বসানো এবং ভাড়া আদায়ের অভিযোগও করেন তিনি।
গংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাপড়া ঘর ভেঙে জায়গাটি উন্মুক্ত হওয়ার পর জমি বুঝিয়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করেও সাড়া না পেয়ে তাঁরা সেখানে গিয়ে জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেন এবং সাইনবোর্ড স্থাপন করেন।