ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু  স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে উম্মে হাবিবা (২১) নামে এক অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মাহমুদুল হাসানসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের ভাই। নিহতের ভাইয়ের দাবি, দীর্ঘদিন ধরে যৌতুক ও বিভিন্ন অজুহাতে ওই গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। মৃত্যুর পর তার শরীর ও গলায় আঘাতের চিহ্নও দেখতে পেয়েছেন স্বজনেরা। গত সোমবার রাতে পাঁচলাইশ থানাধীন কালারপুল এলাকার বাসা থেকে উম্মে হাবিবার মরদেহ উদ্ধার করে। নিহত উম্মে হাবিবা কক্সবাজার জেলার পেকুয়ার রাজাখালী ইউনিয়নের নুরুল কবিরের মেয়ে।

নিহতের ভাই মো. ইদ্রিস রানার করা এজাহার সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বাঁশখালীর বানীগ্রামের সাধনপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মাহমুদুল হাসানের সঙ্গে উম্মে হাবিবার বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় স্বামী তার বোনের গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য উম্মে হাবিবার সব স্বর্ণালংকার নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এজাহারে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির টাকা দেওয়ার জন্য উম্মে হাবিবাকে নিয়মিত চাপ দিতেন তার স্বামী। এ ছাড়া কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে ছাগল ও পর্যাপ্ত কাপড়চোপড় দেওয়া হয়নি এমন অজুহাতেও তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একাধিকবার মারধরের শিকার হলেও সংসার টিকিয়ে রাখার স্বার্থে তিনি বিষয়গুলো সহ্য করে আসছিলেন। নিহতের ভাইয়ের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে পারিবারিক বৈঠকের মাধ্যমে উম্মে হাবিবাকে আবার স্বামীর সংসারে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত