
রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১০টি থানায় ক্ষতিগ্রস্ত সড়ক, নালা ও ফুটপাত সংস্কার ও উন্নয়নে ৭১৪ কোটি ২৮ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আগামীকাল সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর ১০০০) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের তৈরি প্রকল্প সারসংক্ষেপ অনুযায়ী, রাজধানীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা কমানো এবং নগরবাসীর জীবনযাত্রার মান বাড়ানো এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭১৪ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৪৯৯ কোটি ৯৯ লাখ টাকা এবং ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ২১৪ কোটি ২৮ লাখ টাকা জোগান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারি অর্থায়নের মধ্যে ২৯৯ কোটি ৯৯ লাখ টাকা ঋণ এবং ১৯৯ কোটি ৯৯ লাখ টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটির উদ্যোক্তা। ডিএসসিসি প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৯ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে তিন বছরে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ২৮ দশমিক ৪৫ কিলোমিটার সড়ক উন্নয়নে ১৪১ কোটি ২৭ লাখ টাকা, ৪৮ দশমিক ৬৩ কিলোমিটার নালা নির্মাণ ও উন্নয়নে ৪৯৬ কোটি ৭৮ লাখ টাকা এবং ৪৮ দশমিক ৭০ কিলোমিটার ফুটপাত উন্নয়নে ৪৬ কোটি ৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া ৫ দশমিক ১৮ কিলোমিটার সড়ক বিভাজক সংস্কারে ব্যয় হবে ২ কোটি ৭ লাখ টাকা। প্রকল্পের মোট ব্যয়ের প্রায় ৬৯ দশমিক ৫ শতাংশই খরচ হবে নালা নির্মাণ ও উন্নয়নে। অর্থাৎ জলাবদ্ধতা নিরসনকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্পটির ব্যয় পরিকল্পনা করা হয়েছে। ডিএসসিসির প্রশাসনিক অঞ্চল ১ থেকে ৫-এর আওতাধীন ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।