
চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস শিল্প স্থাপনে ১৫.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে গতকাল রোববার বেপজা কমপ্লেক্স, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। প্রতিষ্ঠানটি বার্ষিক ৪০ লাখ পিস ফ্লিজ জ্যাকেট, সফট শেল জ্যাকেট, ডাউন জ্যাকেট, কটন কোট, লেদার জ্যাকেট, আন্ডারওয়্যার, টি-শার্ট, পলো শার্ট, সর্টস, পার্কাস, কোট, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, উইন্ড প্রুফ জ্যাকেট, ফিসিং স্যুট, হাইকিং স্যুট, ইয়োগা স্যুট, রানিং স্যুট, জিন্স, নিটেড স্যুট, ফোয়াক্স লেদার ক্লদিং, ডিয়ার স্কিন ভেলভেট ক্লদিং, গলফ ক্লদিং, ক্যাজুয়াল শার্ট তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ১৯৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি