ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চোট থেকে ফিরেই জোড়া গোল রোনালদোর

চোট থেকে ফিরেই জোড়া গোল রোনালদোর

চোট কাটিয়ে প্রত্যাবর্তনের মঞ্চেই আলো ছড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত শুক্রবার সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে আল নাসরের দাপুটে জয়ে জোড়া গোলে অবদান রেখেছেন তিনি। আল নাসর জিতেছে ৫-২ গোলে। হ্যামস্ট্রিং চোটের কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর আল নাসরের শুরুর একাদশে ফিরেছেন রোনালদো। ফিরেই প্রভাব রেখেছেন। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন তিনি। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই দুই গোলে আবার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-তে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষে এগিয়ে চলেছেন তিনি। অন্যদিকে, সাবেক লিভারপুল তারকা সাদিও মানে ম্যাচটায় জোড়া গোল করেছেন। দুই অর্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলের ৫-২ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘ফিরে এসে ভালো লাগছে। একসঙ্গে এগিয়ে যাবো আমরা!’ এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল নাসর দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেছে। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর প্রথম বড় শিরোপার খোঁজে আছেন রোনালদো। তবে এক ম্যাচ কম খেলা আল হিলাল শনিবার আল তাওউনের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচে জয় পেলে ব্যবধান আবার ৩ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ থাকবে তাদের সামনে। গত ২৮ ফেব্রুয়ারি লিগে আল নাসরের ম্যাচে চোট পান রোনালদো। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়। আল নাসর কোচ জর্জ জেসুস এরপর বলেছিলেন, রোনালদোর চোট তাঁদের ভাবনার চেয়ে ‘সিরিয়াস’। প্রো লিগে এরপর আল নাসরের তিনটি ম্যাচে খেলতে পারেননি রোনালদো। স্পেনে গিয়ে চিকিৎসা করান চোটের। এ কারণে যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচেও খেলতে পারেননি। প্রো লিগে এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে উঠে এলেন রোনালদো। ২৩ ম্যাচে ২৩ গোল করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। ২৫ ম্যাচে ২৫ গোল নিয়ে শীর্ষে আল আহলি ফরোয়ার্ড ইভান টনি। সৌদি প্রো লিগে ১০০ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৭, গোল করিয়েছেন ১৮টি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত