ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া, এটাই প্রপ্তি

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া, এটাই প্রপ্তি

একসময় বাংলাদেশের বিপক্ষে তুলনামূলক অনভিজ্ঞ দল নামাত অস্ট্রেলিয়া। এবার সেই চিত্র বদলেছে। প্রায় পূর্ণশক্তির দল ঘোষণার পর নাজমুল হোসেন শান্ত বলছেন, এটি বাংলাদেশের টেস্ট দলের উন্নতিরই স্বীকৃতি! অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো মাঠের কোনো পরিসংখ্যান নয়, বরং প্রতিপক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আগে বাংলাদেশ সফর বা বাংলাদেশকে নিয়ে পরীক্ষানিরীক্ষার প্রবণতা থাকলেও এবার তা দেখা যাচ্ছে না। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো অভিজ্ঞদের নিয়ে প্রায় পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, এটিই প্রমাণ করে সিরিজটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে অজিরা। মিরপুরে নতুন কুড়ি ক্রিকেট টুর্নামেন্ট শেষে গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমি বলব যে আমরা দল হিসেবে একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এই টেস্ট দল নিয়ে। কারণ, আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা সিরিজটা হালকাভাবে নেয়নি।’ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়া একাধিকবার তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে খেলেছে। তবে এবার চিত্রটা ভিন্ন। কামিন্স-হ্যাজলউড-লায়নের পাশাপাশি ব্যাটিংয়ে আছেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেনের মতো তারকারাও। শান্তর মতে, বাংলাদেশের টেস্ট দলের ধারাবাহিক উন্নতিই অস্ট্রেলিয়াকে শক্তিশালী দল নিয়ে নামতে উৎসাহিত করেছে। বাংলাদেশও সাম্প্রতিক সময়ে টেস্টে নিজেদের নতুন পরিচয় গড়ে তুলেছে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হার-এই সাফল্যের বড় অংশ এসেছে শান্তর নেতৃত্বে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে দলের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেওয়ার সুযোগ দেখছেন শান্ত। তিনি বলেন, ‘সাধারণত তো বাংলাদেশ ক্রিকেটে আগে আমি কখনও দেখিনি। আমাদের সঙ্গে খেলা পড়লে হয়তো অনেক ধরনের পরীক্ষানিরীক্ষা করে থাকে। আমি বলব যে এটা একটা দল হিসেবে আমাদের দলীয় অর্জন। কারণ, এমন একটা দল তারা দিয়েছে। এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ এজন্য যে সেই দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যদিও ইনজুরির কারণে তরুণ পেসার নাহিদ রানাকে না পাওয়ায় বোলিং আক্রমণে কিছুটা ধাক্কা নিয়েই সফরে যেতে হচ্ছে টাইগারদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত