
স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে শুরুতেই বাড়তি সুবিধা পেল বাংলাদেশ। ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে টাইগাররা সরাসরি খেলবে কোয়ার্টার-ফাইনালে। প্রাথমিক পর্ব পেরিয়ে শেষ আটে জায়গা করে নিতে হবে বাকি ছয় দলকে। ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে বড় সুবিধা পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার ড্র অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে, কোয়ার্টার-ফাইনালে খেলবে। শিরোপার লড়াইয়ে এই চার দল এক ধাপ এগিয়ে থাকছে। অন্যদিকে বাকি ছয় দলকে প্রাথমিক পর্ব পেরিয়ে শেষ আটে জায়গা করে নিতে হবে।
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার পুরুষ ও নারী বিভাগের ড্র ও গ্রুপ ঘোষণা করা হয়। পুরুষদের বিভাগে অংশ নেবে ১০টি দল, আর নারীদের বিভাগে খেলবে আটটি দল। সব ম্যাচই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। পুরুষদের বিভাগে প্রথম রাউন্ডে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে ২০২৩ আসরের রৌপ্যজয়ী আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে আছে হংকং, মালয়েশিয়া ও ওমান।
দুই গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার-ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়বে। পুরুষদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। নারীদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার-ফাইনাল দিয়ে। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য ম্যাচগুলোতে ভারত মুখোমুখি হবে জাপানের, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড। নারীদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।
২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও নারী-দুই বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত।