
বাংলাদেশ ও সৌদি আরবের আর্চারিকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের ফেডারেশন প্রধান। সৌদি আরবে এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হন ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সৌদি আর্চারি ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবি। সাক্ষাতে দুই দেশের আর্চারির বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এশিয়ায় আর্চারিকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করতে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা। আলোচনায় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, কোচ ও জাজদের দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। দুই দেশের খেলোয়াড় ও কোচদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হলে আর্চারির মান আরও বাড়বে বলে মত দেন সংশ্লিষ্টরা। খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে আধুনিক অবকাঠামো ও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে বৈঠকে। সৌদি আরবে আর্চারির অবকাঠামোগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। এছাড়া দুই দেশের খেলোয়াড় ও কোচদের মধ্যে নিয়মিত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শুধু খেলাধুলার উন্নয়ন নয়, ক্রীড়া কূটনীতিও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।