
এএফসি এশিয়ান কাপ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরবের জন্য এটি হতে যাচ্ছে প্রস্তুতির মহড়া। চলতি বছর থেকে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে এশিয়ান কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের তিনটি বিমানবন্দরে প্রাণ হারিয়েছেন ২২ জন। আহত হয়েছেন ৩৮০ জনের বেশি। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশটিতে এশিয়ান কাপ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেয়াসু মিয়ামোতো মনে করেন, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন সহজ হবে না। গত মাসে এএফসি কংগ্রেসে তিনি বলেন, 'সংবাদমাধ্যম থেকে যতটুকু জেনেছি, পরিস্থিতি এখনো নিরাপদ নয়। তাই এই মুহূর্তে সেখানে এশিয়ান কাপ আয়োজন সহজ হবে বলে মনে করি না।'
মিয়ামোতোর এই মন্তব্যের আগে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছিলেন, টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এখনো সময় আছে। সালমান বলেন, 'নভেম্বরের শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। অঞ্চলটির পরিস্থিতি খুব দ্রুত ভালো বা খারাপ হতে পারে। তাই কী ঘটে, তা দেখার বিষয়।'
তিনি আরও বলেন, 'সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে আমরা তা নেব। প্রয়োজনে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালেও আয়োজন করা যেতে পারে।' তবে সৌদি আয়োজকেরা জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই চলছে প্রস্তুতি। গত সপ্তাহে টুর্নামেন্টের সব ম্যাচের ভেন্যু ও কিক-অফের সময়ও চূড়ান্ত করা হয়েছে।