
হুথি বিদ্রোহীদের হামলায় নাকাল সৌদি আরব। এই সংঘাতের জেরে দেশটিতে আগামী বছরের এশিয়ান কাপ নিয়ে শঙ্কা ছিল। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত করল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী বছর ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। নতুন সূচি চূড়ান্ত হতে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার অনুমোদন লাগবে। নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে এএফসি।
প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ২০৩৪ সালের বিশ্বকাপেরও আয়োজকও তারা। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই অবস্থিত রিয়াদে। কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালসহ টুর্নামেন্টের ৫১ ম্যাচের মধ্যে ৩০টি হওয়ার কথা এই শহরে। এই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে হুথিরা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে বিমানবন্দরে ১১ দিনে অন্তত ২০ হামলায় ১৭ জন নিহত ও তিনশর বেশি মানুষ আহত হয়েছে বলে খবর এসেছে। মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এশিয়ার ফুটবল সংস্থা জানায়, 'এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি এই অঞ্চলে উদ্ভূত বর্তমান ব্যতিক্রমধর্মী পরিস্থিতির কারণে লজিস্টিক জটিলতা ও ভ্রমণ বিঘ্নতার আশঙ্কা মাথায় রেখে জাতীয় দলের এই প্রধান টুর্নামেন্টটির সময়সূচি পুনর্র্নিধারণ করার অনুমোদন দিয়েছে।