ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি

চুয়াডাঙ্গায় গরম যেন আগেভাগেই তার দাপট দেখাতে শুরু করেছে। মৌসুম পুরোপুরি শুরু না হতেই তাপমাত্রা ছুঁইছুঁই ৪০ ডিগ্রির। সেই সাথে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত তিনদিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। ৩১ মার্চ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ।

বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হতে শুরু করে চুয়াডাঙ্গার জনপদ। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। এটি মৃদু তাপপ্রবাহ তবে বাস্তবে এর প্রভাব অনেকটাই তীব্র। কয়েকদিন আগেও যেখানে হালকা শীতের আমেজ ছিল, সেখানে হঠাৎ তাপমাত্রার এমন লাফ জনজীবনে এনে দিয়েছে চরম অস্থিরতা। আকাশ যেন আগুন ছড়াচ্ছে, আর মানুষ অপেক্ষা করছে এক ফোঁটা স্বস্তির বৃষ্টির জন্য।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার সামনের সড়কসহ বেশ কয়েকটি স্থানে পিচ গলে উঠে এসেছে। যানবাহন চলাচলের সময় সেই গলিত পিচ টায়ারে লেপ্টে যাচ্ছে, বাড়াচ্ছে ভোগান্তি।

শহরের এক ডাব বিক্রেতার দোকানে দাঁড়িয়ে থাকা পথচারী বলেন, চুয়াডাঙ্গার আবহাওয়া সবসময় চরম। শীতে বেশি শীত, গরমে বেশি গরম। কিন্তু গরম পুরোপুরি শুরু হওয়ার আগেই যদি এই অবস্থা হয়, তাহলে সামনে কী হবে ভাবতেই ভয় লাগে।

তবে সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুররা। তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অনেকেই বাধ্য হয়ে কাজ কমিয়ে দিয়েছেন, ফলে কমছে আয়, বাড়ছে দুশ্চিন্তা।

চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, এপ্রিলের প্রথম দিনেই জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার থেকে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি অতিক্রম করেছে।

তিনি আরও জানান, এই ধরনের তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জানিনুর রহমান জানান, এটি চলতি মৌসুমের প্রথম মৃদু তাপপ্রবাহ। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

তীব্র গরম,হাঁসফাঁস,চুয়াডাঙ্গা,সর্বোচ্চ তাপমাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত