
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চারটি মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এসব ঘটনায় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, পৌর এলাকার জানপুর বটতলা ও কোবদাস পাড়া মহল্লার মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে টানা দুই দিন ধরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ও বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, একই পৌর এলাকার একডালা পূর্ণবাসন ও নাইয়াবাড়ি মহল্লার বাসিন্দাদের মধ্যেও আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুর চলছে। রাতের বেলাতেও আলোর ব্যবস্থা করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে ছয়জনকে আটক করে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।