
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. মিজানুর রহমান। দীর্ঘদিনের ব্যয়বহুল চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে জরুরি অস্ত্রোপচারের জন্য আরও প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তার চিকিৎসায় আর্থিক সহযোগিতার জন্য পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
প্রায় আড়াই মাস ধরে নয়াদিল্লিতে তার চিকিৎসা চলছে। সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসার প্রথম ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসার দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন।
সর্বশেষ PET-CT Scan ও Contrast Analysis-এর প্রতিবেদন অনুযায়ী, মূল টিউমারটির আকার কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, টিউমারটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে এটি অপসারণ করা সম্ভব। এজন্য যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। পরিবারের নিজস্ব সামর্থ্যের পাশাপাশি বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও বর্তমানে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।
চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে অধ্যাপক মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানিয়েছেন। দেশে ও বিদেশে অবস্থানরত তার বন্ধু, সহকর্মী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সব শুভানুধ্যায়ীকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ফাতেমা রহমান বলেন, একজন শিক্ষক হিসেবে অধ্যাপক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান, স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনে অবদান রেখে চলেছেন। জীবনের এই কঠিন সময়ে একজন প্রিয় শিক্ষক ও সহকর্মীর পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
অধ্যাপক ড. মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করে তার চিকিৎসা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা ও অস্ত্রোপচার সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।