অনলাইন সংস্করণ
১১:৩০, ১৯ জানুয়ারি, ২০২৫
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন অভিষেকের প্রতিবাদে রাজধানী ওয়াশিংটন ডিসি-তে বিক্ষোভ করেছে বিপুল সংখ্যক মানুষ।
শনিবার (১৮ জানুয়ারি) এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বিক্ষোভকারীদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির এই নবনির্বাচিত প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই নারী। তাদের অনেকে গোলাপি টুপি পড়েছেন। ২০১৭ সালে প্রথম মেয়াদে ট্রাম্পের ক্ষমতাগ্রহণের সময় এই রঙের টুপি পরে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ করেছিলেন।
এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেয়া হয়েছে ‘পিপলস মার্চ’। ২০১৭ সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল, সেটার নাম দেয়া হয়েছিল ‘উইমেন মার্চ’। তখন থেকে প্রতি বছর বিভিন্ন অধিকার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার ২০১৭ সালের তুলনায় প্রতিবাদকারীর সংখ্যা কম। ট্রাম্পের কাছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হেরে যাওয়ার পর দেশটির নারী অধিকার আন্দোলন বিভক্ত হয়ে পড়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প ২০১৬ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। এবারও তিনি একজন নারী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।