
আজ বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষের আনন্দে ভাসছে সারা দেশ। বাংলা নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে প্রতি বছর দিনটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচিও নেওয়া হয়। তার ব্যতিক্রম হয়নি এবারও। চিরায়ত সংস্কৃতি ও নিজস্ব ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে ‘বর্ষবরণ পর্ষদ’। আজ মঙ্গলবার ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডিতে এই উৎসব উদযাপিত হবে।
‘জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ সকাল ৯টায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হবে। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। শোভাযাত্রা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুভ নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের প্রাণের সর্বজনীন উৎসব। এটি আমাদের ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে পহেলা বৈশাখ আমাদের সবার জন্য হয়ে ওঠে এক আনন্দ ও মিলনের দিন। আমাদের গৌরবময় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আত্মপরিচয়ের ধারক ও বাহক হিসেবে এ উৎসবের গুরুত্ব অপরিসীম। বৈশাখের আগমনে আমাদের জীবনে জাগে নতুন প্রত্যাশা, নব প্রতিশ্রুতি ও অসীম সম্ভাবনার স্বপ্ন। অতীতের গ্লানি, বেদনা ও ব্যর্থতাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলি নব উদ্যমে ও নব প্রত্যয়ে।’
রাষ্ট্রপতি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু জনকল্যাণমুখী ও দূরদর্শী কর্মসূচি চালু করেছে। কৃষিনির্ভর এ দেশের প্রেক্ষাপটে মুঘল আমলে ফসলি সনের প্রবর্তনের মধ্য দিয়ে যে বাংলা সনের যাত্রা শুরু, সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনা এক যুগান্তকারী পদক্ষেপ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ উদ্যোগ কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আজ আমরা নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। এ প্রেক্ষাপটে আমাদের আরো সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিষ্ঠার মাধ্যমে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠনে সক্ষম হবো-এই প্রত্যয় ব্যক্ত করছি।’ রাষ্ট্রপতি বলেন, ‘নববর্ষের এই উৎসব ও আনন্দমুখর মুহূর্তে আন্তরিক প্রত্যাশা-সকল অশুভ ও অসুন্দর দূরীভূত হোক; সত্য ও সুন্দরের গৌরবগাথা প্রতিধ্বনিত হোক সর্বত্র। বিদায়ী বছরের সকল দুঃখ-বেদনা মুছে যাক; নতুন বছর ব্যক্তি ও জাতীয় জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।’
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ কে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তাঁর ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়।’ তিনি বলেন, বৈশাখি মেলা, বৈশাখি শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং আমাদেরকে ঐক্যবোধে উজ্জীবিত করে। বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনা। প্রকৃতির নবজাগরণ আর মানুষের অন্তরের আশাবাদ মিলেমিশে সৃষ্টি করে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শোষণ-শাসনের অবসানের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে যাত্রা শুরু করে নতুন গণতান্ত্রিক সরকার। দায়িত্ব নিয়েই এই সরকার রাষ্ট্র এবং সমাজের সব শ্রেণি পেশার মানুষের জীবন মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি চালু, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে। কৃষক, কৃষি এবং কৃষি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বাংলা নববর্ষের প্রথম দিন থেকে শুরু হলো কৃষক কার্ড প্রদান কর্মসূচি। আগামী দিনগুলোতে এই কৃষক কার্ড বাংলাদেশের কৃষক এবং কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে, বাংলা নববর্ষে এটিই হোক আমাদের প্রত্যয় ও প্রত্যাশা।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণের যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে। বিশ্ব আজ নানা সংকট ও সংঘাতে বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জরুরি হয়ে উঠেছে। নববর্ষের এই শুভক্ষণে আমরা যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি- এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরের প্রথম প্রভাতে আমরা অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি। প্রধানমন্ত্রী বলেন, নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দেশবাসীকে তিনি আবারও আন্তরিক শুভেচ্ছা জানান।
পহেলা বৈশাখ আয়োজক কমিটির অন্যতম সদস্য ও তক্ষশীলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম বলেন, ‘দেশের সৃজনশীল এবং প্রগতিশীল কিছু ব্যক্তি যারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে চায় তারাই মূলত এই আয়োজন করছে।’ তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমাদের মধ্যে ইদানিং ইউরোপ আমেরিকার অনুকরণ করে বিকট শব্দ করে আতশবাজি ফুটিয়ে পাখি হত্যা করে তাদের বর্ষবরণ উদযাপন করার প্রবণতা দেখা যায়। অপরদিকে আরবদের সংস্কৃতি হলো সন্ধ্যাবেলা চাঁদ দেখে নতুন বছর শুরু করা।’ নাদিমুল ইসলাম জানান, বাঙালি সংস্কৃতি হলো সকালে বর্ষবরণ করা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উদযাপনের রীতি হলো মঙ্গল শোভাযাত্রা। তাই নতুন প্রজন্মকে জানাতে সকল ত্রুটি বিচ্যুতি বাদ দিয়ে এই আয়োজন।
নববর্ষ উদযাপনে কোনো ধরনের হুমকি নেই- র্যাব ডিজি : র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যে কোনো ধরনের নাশকতামূলক হামলার মোকাবিলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সোমবার রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে।
তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল- শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। র্যাব ডিজি আরও বলেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড এরই মধ্যে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের নাশকতামূলক হামলার মোকাবিলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সারাদেশে কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। র্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবে গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নববর্ষের অনুষ্ঠানস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলা নববর্ষের অন্যতম প্রধান আকর্ষণ এই বর্ণাঢ্য মিছিলটির যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে অনুষদ) উদ্যোগে। তৎকালীন সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের আবহে লোকজ ঐতিহ্যের মাধ্যমে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে এই আয়োজন শুরু হয়। সাড়ে তিন দশকের পথচলায় এই উৎসবটির নাম কয়েকবার পরিবর্তিত হয়েছে। ১৯৮৯ সালে শুরুর বছর এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বানে ১৯৯০ সালে এর নাম রাখা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। এই নামেই এটি দীর্ঘ সময় বিশ্বজুড়ে পরিচিতি পায়। ২০২৪ সালের জুলাই গণআন্দোলন পরবর্তী প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার এর নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করে। এক বছরের মাথায় সরকার বর্তমান বছরে এর নতুন নাম নির্ধারণ করেছে ‘বৈশাখী শোভাযাত্রা’। প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের সংস্থা ইউনেস্কো এই আয়োজনকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ (অপরিমেয় বিশ্ব সংস্কৃতি) তালিকায় অন্তর্ভুক্ত করে।