ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বাধীন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বৈঠকে কমিশনের সদস্যরা জানান, দেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।

আলোচনায় বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কমিশনে দেওয়া বহু গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের মতামতও এতে প্রতিফলিত হয়েছে।

কমিশনের সদস্যরা বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা এবং এ খাতে বাজেট বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তারা মনে করেন, শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারলে রোগের প্রকোপ ও চিকিৎসা ব্যয় কমবে এবং বিশেষায়িত হাসপাতালগুলোর ওপর চাপও হ্রাস পাবে।

তারা আরও উল্লেখ করেন, কমিশনের অনেক সুপারিশের সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক ইশতেহারেরও মিল রয়েছে—বিশেষ করে স্বাস্থ্য খাতের সংস্কার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং চিকিৎসকদের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নের ক্ষেত্রে।

বৈঠকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ খান, কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা ও ডা. আজহারুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়। পরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ ও প্রতিবেদন জমা দেয়।

স্বাস্থ্যমন্ত্রী,স্বাস্থ্য সংস্কার কমিশন,ধাপে ধাপে বাস্তবায়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত