অনলাইন সংস্করণ
১৫:২৯, ১৭ এপ্রিল, ২০২৬
মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই আয়োজিত কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ জাতি হিসেবে আত্মপ্রকাশ করলেও গত কয়েক দশকে সেই প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি। দেশের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, এখনো প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে এবং অনেক নাগরিক শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
তবে তিনি দেশের বিভিন্ন খাতে অগ্রগতির কথাও উল্লেখ করেন। বিশেষ করে খাদ্য ঘাটতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন।
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের একটি বড় অংশের তরুণ স্বউদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার গড়ে তুলছে, যা দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, বড় কিছু অর্জন করতে হলে স্বপ্ন দেখা প্রয়োজন। সেই স্বপ্ন দেখিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি নিজেও দেশের উন্নয়ন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করেন এবং বলেন, এই দেশকে এগিয়ে নিতে নিজেদেরই কাজ করতে হবে।