প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৬ আগস্ট, ২০২৬
গরুর ঝুরা মাংস
যা লাগবে : গরুর মাংস ১ কেজি (হাড় ছাড়া), পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ২টি, সরিষার তেল/সয়াবিন তেল হাফ কাপ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ।
যেভাবে করবেন : প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে আদা, রসুন, হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিন। অল্প পানি দিয়ে প্রেসার কুকার বা হাঁড়িতে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। মাংস ঠান্ডা হলে হাত বা কাঁটাচামচ দিয়ে ঝুরঝুরে করে নিন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা, ধনে, জিরা ও মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। এরপর ঝুরা করা মাংস দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন। মাংস শুকিয়ে তেল ওপরে উঠে এলে কাঁচামরিচ, গরম মশলা ও লেবুর রস দিয়ে নামিয়ে নিন। এরপর গরম ভাত, পোলাও, খিচুড়ি ও পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
বরিশালের খাসির মাংসের ভুনা
যা লাগবে : খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই হাফ কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৪-৫টি, সরিষার তেল ১ কাপ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : খাসির মাংস ভালোভাবে ধুয়ে টক দই, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। ধনে গুঁড়া ও জিরা গুঁড়া যোগ করুন। ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন যাতে মশলা নিচে লেগে না যায়। তেল উপরে উঠে এলে বুঝবেন ভুনা হয়ে গেছে। গরম মশলা গুঁড়া ও কাঁচা মরিচ ছড়িয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন। এরপর গরম ভাত, পোলাও, খিচুড়ি অথবা নরম পরোটার সঙ্গে পরিবেশন করুন।
বরিশালের ডাল দিয়ে গরুর মাংস ভুনা
যা লাগবে : গরুর মাংস ১ কেজি, মসুর ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, ধনে গুঁড়ো দেড় চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফচা চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৩টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, কাঁচামরিচ ৫-৬টি, সরিষার তেল হাফ কাপ, লবণ স্বাদমতো, গরম পানি পরিমাণমতো।
যেভাবে করবেন : মসুর ডাল ধুয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর আধাসিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। গরুর মাংসে আদা, রসুন, হলুদ, মরিচ গুঁড়ো ও লবণ মিশিয়ে ২০ মিনিট ম্যারিনেট করুন। কড়াইয়ে সরিষার তেল গরম করে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা-রসুন বাটা ও গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষান। ম্যারিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ২৫-৩০ মিনিট কষান যতক্ষণ না তেল ওপরে উঠে আসে। সিদ্ধ ডাল মাংসের সঙ্গে মিশিয়ে নাড়–ন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে কম আঁচে ৩৫ মিনিট রান্না করুন। শেষে কাঁচামরিচ ও গরম মশলা ছিটিয়ে ১০ মিনিট দমে রাখুন।
গরম ভাত, খিচুড়ি, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ডাল দিয়ে গরুর মাংস ভুনা। পাশে লেবু, পেঁয়াজ ও কাঁচামরিচ দিলে স্বাদ আরও বেড়ে যায়