
পথসভা, মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে, একটি মানবিক বাংলাদেশ গঠনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নগরীর চরপাড়াসহ বিভিন্ন এলাকায়, সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও প্রচারণা চালান। বিভাগীয় নগরীর গুরুত্বপূর্ণ এই আসনে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার অষ্টধর, কুষ্টিয়া ও ভাবখালী ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) আবু ওয়াহাব আকন্দ। এ সময় একাধিক পথসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন। দুপুরে তিনি ময়মনসিংহ প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যান্টিনে ড্যাবের আয়োজনে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় আবু ওয়াহাব আকন্দ বলেন, স্বাধীনতাবিরোধী একটি দল ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ তাদের নেতারা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা দেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে।