
গোপালগঞ্জে ৩৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। মাত্র ১২টি ভোট কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সাধারণ কেন্দ্রগুলো হচ্ছে- গোপালগঞ্জ ৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ার ঘাট স্কুল এন্ড কলেজ, কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূণ্যবতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ ১ আসনের মুকসুদপুর উপজেলার প্রভাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কেএম উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা এবং গোপালগঞ্জ ১ আসনের মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপানি সরকারি উচ্চ বিদ্যালয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, অতিরিক্ত কেয়ারে রাখার জন্য জেলার ৩৮৫টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহিৃত করা হয়েছে। ওই সব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে, পুরো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরদারিতে থাকবে।
যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, ভোটারটা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে তার জন্য যাবতীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষে গ্রহণ করা হবে। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।