
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি প্রতিরোধে পারিবারিক ভূমিকার গুরুত্ব তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নবীনগরের সহযোগিতায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের পুরনো হলরুমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাণ্ডই মুখ্য’ প্রতিপাদ্যের পক্ষে ও বিপক্ষে অনুষ্ঠিত এ বিতর্কে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে পক্ষে অংশগ্রহণ করে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশগ্রহণ করে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর শাখার সভাপতি আবু কামাল খন্দকার। অনুষ্ঠানের শুরুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নবীনগর উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হোসেন শান্তি। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। বিচারকম-লীতে ছিলেন নবীনগর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন এবং নবীনগর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার গুহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।