
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় যৌথবাহিনী অভিযানে ৯৫টি ককটেল (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়। গতকাল সোমবার ভোরে উপজেলার পোড়াগাছা এলাকার বেপারী কান্দি বাচ্চু পেদার বসতঘর ও পেদা বাড়ী মসজিদের পাশের কক্ষ থেকে ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকৃতদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়িয়া থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা বেপারী কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল বোমা উদ্ধা করা হয়। এ সময় বাড়ির মালিক বাচ্চু পেদার স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ির পাশেই অবস্থিত একটি মসজিদের পাশের কক্ষ থেকে ৪ বালতি, একই বাড়ির পরিত্যক্ত একটি ঘর থেকে আরও ৪ বালতিতে থাকা মোট ৯৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়। একই স্থান থেকে ৮টি টেটা, ৩টি রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) ও রনি পেদা(২৫) আটক করে যৌথবাহিনী। উদ্ধার ককটেল বোমা ও দেশীয় অস্ত্র এবং গ্রেপ্তারদের গতকাল সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, এ বিষয় অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও আটকদের বিষয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।