
গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ১২ দিন পর ইউরিয়া উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা।
গত মঙ্গলবার রাত থেকে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন, যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক। কারখানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। কারখানার সঠিক উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংকটে দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত বছরের ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু হয় কারখানাটিতে। এদিকে গত ২২ জানুয়ারি রাতে হঠাৎ আবারও গ্যাস সংকট দেখা দেশ ও বুস্টার কম্প্রেসর ত্রুটি দেখা দেয়। এরপর ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ১১ দিন পর বুস্টার কম্প্রেসর মেরামত শেষে ১২ দিনের মাথায় গত মঙ্গলবার রাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।