ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচিত হয়ে নিজ গ্রামের মসজিদে ইমামতি করলেন আমির হামজা

নির্বাচিত হয়ে নিজ গ্রামের মসজিদে ইমামতি করলেন আমির হামজা

নির্বাচিত হয়েই নিজ গ্রামের মসজিদে শুক্রবার জুম্মার নামাজের ইমামতি করলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নব-নির্বাচিত এমপি মুফতি আমির হামজা। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিড়াভিটা সর্দারপাড়া গ্রামে।

দলীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার পিতা রিয়াজ উদ্দিন এবং চাচাদের নিয়ে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে এলাকার ডাবিড়া ভিটা সর্দারপাড়া জামে মসজিদে যান মুফতি আমির হামজা।

এ সময় তার সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নব-নির্বাচিত এমপি মুফতি আমির হামজা ওই মসজিদে জুমা নামাজের ইমামতি করেন। জুম্মার নামাজ শেষে মোনাজাতে তিনি মহান আল্লাহুতায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়ের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

একইদিন বিকালে তিনি মুফতি আমির হামজা কুষ্টিয়ার মিরপুরে সদ্য প্রয়াত জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেমের কবর জিয়ারত করেন।

আমির হামজা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, কুষ্টিয়াতে জিরো টলারেন্স দিয়েছি বিশেষ করে চাঁদাবাজির ওপরে। চাঁদাবাজী দখলবাজী কুষ্টিয়াতে ইনশাল্লাহ আমরা রাখবো না, এতে যদি ঝুঁকি নিতে হয় তাও নেব।

আমরা বাংলাদেশে এই দুইটা জিনিস রাখতে চাই না। কোনো অবৈধ অস্ত্র বাইরে থাকবে না, যত অস্ত্র আছে সরকার ব্যবহার করবে প্রশাসন যেগুলো ব্যবহার করে। উনাদের বাহিনী যারা আছে। বৈধ অস্ত্র আলাদা ব্যাপার। অবৈধ অস্ত্র বাইরে থাকতে পারবে না যেগুলো মানুষের জীবনের জন্য হুমকি।

এ সময় তিনি আরও বলেন, সর্ব প্রথম আমার কাজ হবে কুষ্টিয়াতে কেউ যেন বেকার না থাকে এটা, কুষ্টিয়ার জন্য একটা বেকারত্ব বড় অভিশাপ। আমরা কেউ বেকার থাকতে চাই না, যেকোন কাজ যার যে যোগ্যতা আছে তার সে কাজ আমরা তুলে দিতে চাই। কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত