ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন।

গতকাল শনিবার দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির ধানের শীষ প্রতীকের এই প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন। স্থানীয় লোকজন কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। বিষয়টি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তোলেন প্রিন্স। তিনি আরও বলেন, ভোটগ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ধানের শীষের ব্যালট পেপার অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ওই প্রতীকে দেওয়া ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রিন্স। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হত্যা, হামলা, হুমকি, মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত