
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে নিয়ে গিয়ে মিয়ানমারের জঙ্গলে ৫০ দিন জিম্মি করে রাখা হয় এক কিশোরকে। বয়স কম হওয়ায় তাকে পুনরায় টেকনাফে ফেরত এনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অবশেষে পুলিশি অভিযানে ওই কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত চারজনকে গেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরগাহছড়া এলাকায় নুরুল ইসলামের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। উদ্ধার হওয়া ভিকটিমের নাম জুবায়ের। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে। আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকার মৃত কাসেম আলীর ছেলে নুরুল ইসলাম ও ছিদ্দিক আহমদ, একই এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুল্লাহ এবং উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর ক্যাম্পের (ব্লক-এফ-১৭) আলী আকবরের ছেলে হামিদ উল্লাহ।