ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাগেরহাটে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

বাগেরহাটে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া প্রতীক) সমর্থক ওসমান সরদার নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনার আগে গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বর্ডার এলাকা ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গার্মেন্টকর্মী ওসমান সরদারসহ উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে ওসমান সরদার, ইমরান হাওলাদার, হুসাইন ব্যাপারী, ইমরান শেখ, মীরাজ হাওলাদার ও হাবিবুর রহমানকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ওসমান সরদারসহ দুইজনের অবস্থার গুরুত্বর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেলে রেফার করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা ১২টার দিকে ওসমান সরদারের মৃত্যু হয়। এই খবর মুহুর্তে ছড়িয়ে পড়লে এলাকায় আবারও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এছাড়া নিহতের বাড়ির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার বলেন, ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়ার লোকজন কই গেল বলে খুঁজছিল। এ সময় আমার ভাইসহ কয়েকজনের সঙ্গে কথাকাটাকি হয়, এক পর্যায়ে রামদা দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকরা। পরে গুরুতর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা খুলনায় পাঠান। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধূরী বলেন, ওসমান সরদারের মৃত্যুর খবর শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে। পুলিশের একাধিক টিমসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা হত্যাকারিদের আইনের আওতায় আনতে কাজ করছে । দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম। এই দুই প্রার্থীকেই বড় ব্যবধানে হারিয়ে আসনটাতে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। নব নির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে সমবেদনা প্রকাশ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত